রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লিটন রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশাযোগে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়।

ঘটনাস্থলের পাশের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলি করে সন্ত্রাসী ইংলিশ মার্কেটের দিকে দৌড়ে পালিয়ে যায়।

আহত লিটনের সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তার পেট ঘেঁষে চলে গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসপেশিতে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন মিয়া জানান, লিটনকে হত্যার উদ্দেশ্যে কেউ সন্ত্রাসী ভাড়া করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। তিনি আরো বলেন, ‘যে চিহ্নিত সন্ত্রাসী তাকে গুলি করেছে, তার নাম আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন