নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
ছবি: সংগৃহীত।

ইসরাইলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেল আবিবে। শনিবারের এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। আসন্ন নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন অনেকে।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভের আয়োজন করে ‘অক্টোবর কাউন্সিল’। ওই হামলার পরই গাজায় যুদ্ধ শুরু হয়। হামলায় নিহতদের স্বজন ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠনটি ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভে দেশটির প্রধান চারটি বিরোধী দলের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট, যিনি জনসমর্থনের দিক থেকে নেতানিয়াহুর সঙ্গে কাছাকাছি অবস্থানে রয়েছেন। বিক্ষোভস্থলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা।

সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, সত্য উদ্‌ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠার দাবিতে তাদের তিন বছরের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হবে এ সমাবেশ।

শনিবার হাজারো বিক্ষোভকারী তেল আবিবের কেন্দ্রীয় রবিন স্কয়ার থেকে হোস্টেজেস স্কয়ারের দিকে মিছিল করেন। গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে অতীতেও সরকারবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল এই চত্বর।

সমাবেশ শুরুর আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “গত চার বছর ধরে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা এতটাই খারাপ কাজ করেছেন যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।” ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসে।

তিনি আরও বলেন, “ইসরাইল আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।”

সূত্র: মিডল ইস্ট আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন