পাঁচ দিনের সফরে ভারতে পৌঁছেছেন সামরিক জান্তাপ্রধান থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট পদে আসীন হওয়া মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
পাঁচ দিনের এই সফরে সাবেক এই জেনারেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সফরে ব্যাবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোরবেলায় এক ক্ষমতা দখলের মাধ্যমে মিন অং হ্লাইং অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন। আসিয়ান জোট মিয়ানমারের জেনারেলদের তাদের শীর্ষ সম্মেলনে নিষিদ্ধ করে, যার ফলে নতুন সামরিক নেতৃত্বাধীন প্রশাসন ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এই সফর মিয়ানমারের ওপর চীনের মাত্রাতিরিক্ত প্রভাব কমিয়ে আনার একটি সুযোগ। পাশাপাশি দেশটির বিরল খনিজ পদার্থের ভান্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উত্তর-পূর্ব সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করার সুযোগও পাবে দিল্লি।
ক্রাইসিস গ্রুপের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, প্রেসিডেন্ট হিসেবে বেসামরিক পোশাকে আসার পর মিন অং হ্লাইং এই অঞ্চলজুড়ে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে চাইছেন।’
হর্সি আরো বলেন, ‘তিনি থাইল্যান্ড এবং অন্য কিছু সদস্য রাষ্ট্রের সমর্থনে আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরো স্বাভাবিক করতে চাইছেন।’ তিনি জানান, ‘শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে অং হ্লাইং শিগগিরই বেইজিং সফর করতে পারেন। ভারত মিয়ানমারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী।’
শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার ও ভারতের মধ্যকার সম্পর্কের পরিধির অন্তর্ভুক্ত সব বিষয় আলোচনায় আসবে।’
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


