ইউক্রেন যুদ্ধের স্ক্রিপ্ট বদলে দিলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের স্ক্রিপ্ট বদলে দিলেন ট্রাম্প

তিন বছর আগে ২০২২ সালে যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী আগ্রাসন শুরু করে, তখন হামলার মুখ থেকে দেশটিকে রক্ষায় এগিয়ে আসে জো বাইডেনের নেতৃত্বের আমেরিকান প্রশাসন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তখন নায়ক হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছিল আমেরিকা।

কিন্তু তিন বছর পর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যেন চিত্র বদলে গেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ইতিহাস নতুন করে লিখছেন ট্রাম্প। ঘটনার জন্য রাশিয়াকে নয় বরং ইউক্রেনকে দায়ী করছেন তিনি। গত বুধবার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি নিজে থেকে যুদ্ধ শুরু করে আমেরিকাকে ছলচাতুরির মাধ্যমে জড়িয়ে ফেলেছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, জেলেনস্কি আমেরিকান অর্থ নিয়ে এক অন্তহীন যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলেছেন।

ইউক্রেনকে বাদ দিয়ে সৌদি আরবে আমেরিকা-রাশিয়ার বৈঠকের জেরে জেলেনস্কির প্রতিক্রিয়া প্রকাশের পর আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন আক্রোশমূলক বক্তব্য এলো।

জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প মস্কোর তৈরি করা ‘অপতথ্যের জগতে বাস করছেন’।

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ‘সামান্য খ্যাতি পাওয়া কমেডিয়ান ভলোদিমির জেলেনস্কি আমেরিকাকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে বলে এমন এক যুদ্ধে গেছেন, যাতে জেতা সম্ভব নয়। এটা শুরু হওয়াই উচিত হয়নি।’

পরে মিয়ামিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘নির্বাচনবিহীন একনায়ক জেলেনস্কির উচিত দ্রুত নিজেকে প্রত্যাহার করা। তা না হলে তিনি কোনো দেশকেই পাশে পাবেন না। প্রত্যাহার করা উচিত, কেননা যুদ্ধ ভুল গন্তব্যে চলে গেছে। এর মধ্যে আমরা রাশিয়ার সঙ্গে সফলভাবে আলোচনা করেছি যুদ্ধ শেষ করার।’

ট্রাম্প বলেন, ‘বাইডেন তার কোনো চেষ্টা করেননি। ইউরোপও শান্তি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে এবং জেলেনস্কি হয়তো তাই চেয়েছেন।’ তিনি বলেন, জেলেনস্কির শুধু জো বাইডেনকে বেহালার মতো বাজাতেই ভালো দক্ষতা ছিল।

এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কখনই বিশ্বাস করা যায় না। এ সংঘাতের সমাধানে ইউরোপ ও আমেরিকাকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, যেকোনো সম্ভাব্য সমাধানের আগে সব পক্ষের জেনে রাখা উচিত- স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় নিরাপত্তার গ্যারান্টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকের পর এ প্রতিক্রিয়া জানান তিনি। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুপক্ষের এ আলোচনা শুরু হয়। তবে আলোচনায় ইউক্রেনকে বাদ রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন