যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির পরিচিত প্রতীক যথাক্রমে গাধা ও হাতি। নির্বাচনি প্রচার, রাজনৈতিক কার্টুন কিংবা দলীয় প্রচারসামগ্রীতে প্রায়ই দেখা যায় প্রাণী দুটির ছবি। তবে এই প্রতীকগুলোর জনপ্রিয়তার পেছনে রয়েছে উনিশ শতকের এক রাজনৈতিক কার্টুনশিল্পীর গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নাম টমাস নাস্ট।

বিজ্ঞাপন

১৮৬২ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত ‘হার্পারস উইকলি’ পত্রিকায় কাজ করার সময় নাস্ট যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কার্টুনশিল্পী হিসেবে পরিচিতি পান। তার আঁকা ব্যঙ্গচিত্রের মাধ্যমেই ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির সঙ্গে গাধা ও হাতির প্রতীকের সম্পর্ক আরো দৃঢ় হয়।

১৮৭৪ সালে নাস্টের আঁকা ‘থার্ড টার্ম প্যানিক’ শিরোনামের একটি কার্টুন রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে হাতির জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। সে সময় রিপাবলিকান প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্র্যান্ট তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

গ্র্যান্টের সম্ভাব্য তৃতীয় মেয়াদকে কেন্দ্র করে স্বৈরশাসন প্রতিষ্ঠার আশঙ্কা নিয়ে যে রাজনৈতিক প্রচার চলছিল, কার্টুনে সেটিকেই ব্যঙ্গ করেন নাস্ট। সেখানে ‘দ্য রিপাবলিকান ভোট’ লেখা একটি বিশাল হাতিকে আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় দেখানো হয়। কার্টুনটি প্রকাশের পর রিপাবলিকানদের সঙ্গে হাতির প্রতীক আরও বেশি পরিচিতি পায়।

তবে হাতিকে রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে নাস্টই প্রথম ছিলেন না। তার কার্টুন প্রকাশের আগেও দলটির প্রচারসামগ্রীতে হাতির ছবি ব্যবহারের নজির ছিল।

অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে গাধার সম্পর্ক আরো পুরোনো। ১৮২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির নেতা অ্যান্ড্রু জ্যাকসনকে রাজনৈতিক প্রতিপক্ষরা ‘জ্যাকঅ্যাস’ বা গাধা বলে উপহাস করত। কিন্তু জ্যাকসন সেই বিদ্রূপকে দুর্বলতা হিসেবে না দেখে নিজের নির্বাচনি প্রচারের কৌশলে কাজে লাগান। এভাবেই গাধার সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সম্পর্কের সূচনা হয়।

পরবর্তী সময়ে নাস্ট তার বিভিন্ন কার্টুনে দুই দলের প্রতীকী প্রাণীকে ব্যবহার করে রাজনৈতিক ব্যঙ্গচিত্র আঁকেন। কখনো হাতিকে ভীত ও দুর্বল প্রাণী হিসেবে, আবার কখনো গাধাকে বিপদের মুখে থাকা একগুঁয়ে প্রাণী হিসেবে তুলে ধরেন। এসব কার্টুনে তিনি দুই দলের নেতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতা, বিশৃঙ্খলা এবং দুর্নীতির চিত্র ফুটিয়ে তোলেন।

সময়ের সঙ্গে রিপাবলিকান পার্টি হাতিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতীক হিসেবে গ্রহণ করে। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টি গাধাকে আনুষ্ঠানিক প্রতীক হিসেবে স্বীকৃতি না দিলেও দলটির নির্বাচনি প্রচার, সমাবেশ ও বিভিন্ন প্রচারসামগ্রীতে প্রাণীটির উপস্থিতি নিয়মিত দেখা যায়।

সবচেয়ে মজার বিষয় হলো, রাজনৈতিক ব্যঙ্গ ও বিদ্রূপের উদ্দেশ্যে ব্যবহৃত এই দুই প্রাণীই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুই প্রধান দলের স্থায়ী পরিচিতির অংশ হয়ে উঠেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন