আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার উদ্দেশে আবারো যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

আমার দেশ অনলাইন

গাজার উদ্দেশে আবারো যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
ছবি: আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আবারো রওনা হতে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা। ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৯ মার্চ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করবে এই ত্রাণবহর। এবারের অভিযানে আগের তুলনায় আরো বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এক লাইভস্ট্রিম সংবাদ সম্মেলনে গ্লোবাল সুমুদের কর্মী সুমেইরা আকদেনিজ ওর্দু জানান, বার্সেলোনা থেকেই ঐতিহাসিকভাবে যাত্রা শুরু হবে এই ফ্লোটিলা। এরপর তিউনিসিয়া, ইতালি ও ভূমধ্যসাগরের অন্যান্য বন্দর থেকে আরো জাহাজ এতে যুক্ত হবে।

তিনি বলেন, ‘এবার আমরা হাজার হাজার অংশগ্রহণকারী নিয়ে যাত্রা করবো। এর মধ্যে এক হাজারের বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন।” তার ভাষায়, এটি আগের মিশনগুলোর তুলনায় একটি বড় পার্থক্য।’

সুমেইরা আকদেনিজ ওর্দু আরো জানান, এবারের বহরে শুধু চিকিৎসা পেশাজীবীরাই নয়, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দক্ষ ইকো-বিল্ডার এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। তাদের উপস্থিতি গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, এই ত্রাণবহরের মূল উদ্দেশ্য শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং গাজার ওপর আরোপিত অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা জোরদার করা। দীর্ঘদিন ধরে ইসরাইলি আগ্রাসন ও অবরোধে গাজায় খাদ্য, চিকিৎসা ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে।

গ্লোবাল সুমুদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশের নাগরিক, মানবাধিকার কর্মী ও পেশাজীবীদের এই উদ্যোগ গাজার জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতির একটি স্পষ্ট বার্তা বহন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন