মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘর্ষে গত চার বছরে ভেঙে গেছে অনেক পরিবার। এ ধরনের একটি পরিবারের দুই ভাইয়ের হঠাৎ দেখা হয় এমন এক জায়গায়, যার কথা তারা কল্পনাও করতে পারেননি। ওই মুহূর্তটি এখনো তাদের কাছে স্বপ্নের মতো।
সহোদরের ওই পুনর্মিলন একদিকে ছিল ভীষণ রকম আনন্দের, অন্যদিকে ছিল কিছুটা তিক্ততা।
নিউইয়র্ক টাইমসের কাছে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন দুই ভাইয়ের একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য কর্পোরাল থেইন তায় অং।
সময়টা ২০২৫ সালের ফেব্রুয়ারি। বিদ্রোহী দানু পিপলস লিবারেশন আর্মির সেনারা তার ঘাঁটিতে আক্রমণ করে। ঠিক তখনই তার ব্যাটালিয়নের জন্য খাবার এবং গোলাবারুদ ফেলছিল একটি সামরিক হেলিকপ্টার । দুর্ভাগ্যক্রমে ঘাাঁটির দেয়ালের বাইরে একটি প্যাকেট পড়ে যায়। তাকে প্যাকেটটি দ্রুত নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
তবে তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। তার আগেই বিদ্রোহীরা সেখানে পৌঁছে যায়। কর্পোরাল থেইন তায় অং এবং তার সাথে থাকা আরো চারজনকে চাল, নুডলস, সিগারেট এবং বুলেটসহ ধরে নিয়ে যায় বিদ্রোহী সেনারা।
তাদের হাত বেঁধে বিদ্রোহীদের শিবিরে নিয়ে যাওয়া হয়। থেইন তায় অং ভয়ানক আতঙ্কে ছিলেন। ভেবেছিলেন, তাদের মেরে ফেলা হবে। কিন্তু বিদ্রোহীদের শিবিরে তার জন্য অপেক্ষা করছিল এমন কিছু, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মৃত্যু ভয় যখন তাকে ঘিরে ধরেছিল, তখন তিনি সেখানে দেখতে পান তার আপন ছোট ভাইকে।
থেইন তায় অং বলেন, ‘আমি ভেবেছিলাম তারা আমাকে রাস্তাতেই মেরে ফেলবে। কিন্তু যখন আমি আমার ছোট ভাইকে দেখলাম, তখন সস্তি পেলাম। মনে হলো প্রাণ ফিরে পেয়েছি। আমি খুব খুশি হলাম, কারণ আমি মৃত্যুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
সেদিনের ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওই সেনার হাত বাঁধা এবং পরিস্থিতির হঠাৎ পরিবর্তনে তিনি হতবাক হয়ে গেছেন। আনন্দে আত্মহারা তার ভাই, ৩০ বছর বয়সী বিদ্রোহী যোদ্ধা কো তাইক মং তার হাত চেপে ধরে আছে।
প্রসঙ্গত, থেইন তায় অং মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তা হলেও তার ভাই রয়েছেন বিদ্রোহীদের দলে। এক্ষেত্রে তার ভাগ্য সুপ্রসন্ন যে, সরাসরি ভাইয়ের কাছেই গিয়ে হাজির করা হয়েছে তাকে। সহোদরের এই মিলন যেন সিনেমার কাহিনীকেও হার মানায়।
থেইন তায় অং নিউইয়র্ক টাইমসকে বলেন, এ ধরনের সাক্ষাত আমাকে আনন্দ দিয়েছিল; সেইসাথে কষ্টও। তারপরও এটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা দুজনেই বেঁচে আছি এবং আমরা একে অপরের সাথে কথা বলতে পারি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

