৬২ বছর বয়সে এসে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

৬২ বছর বয়সে এসে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস তার সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ক্যানবেরার লজে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট পরিসরের এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী আলবানিস গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে জোডিকে প্রপোজ করেছিলেন, তবে বিয়ের তারিখ ও আয়োজন গোপন রাখা হয়েছিল।

রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া অ্যান্থনি আলবানিস দেশটির ইতিহাসে প্রথম ব্যক্তি। বিবাহোত্তর বিবৃতিতে তিনি বলেন, পরিবারের সামনে একে অপরের প্রতি ভালোবাসা ও আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার প্রকাশ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন

গত কয়েক বছরে জোডি হেইডেন আলবানিসের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ২০২২ সালের নির্বাচনী প্রচারণায়ও সক্রিয় ছিলেন। ওই নির্বাচনে আলবানিসের লেবার পার্টি ভূমিধস জয়ে ক্ষমতায় আসে।

বিয়ের দিনে হেইডেন সিডনির ডিজাইনার ‘রোম্যান্স ওয়াজ বর্ন’-এর তৈরি পোশাক পরেন। আলবানিস পরেন এমজে বেলের স্যুট। দম্পতির পোষা কুকুর টোটো ছিল রিংবেয়ারার।

অতিথিদের বিশেষ ক্যানে বিয়ার পরিবেশন করা হয়। নবদম্পতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ায়ই হানিমুন কাটাবেন। হানিমুনের ব্যয় ব্যক্তিগতভাবে বহন করা হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন