১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন

১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার নজির গড়েন কিথ এলিসন।

খ্রিষ্টান পরিবারে জন্ম। বেড়ে উঠেছেন ক্যাথলিক ধর্মীয় পরিবেশে। কিন্তু ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন। এরপর ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার নজির গড়েন তিনি। শপথ গ্রহণের আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার হাতে ছিল এমন একটি কোরআন, যা একসময় যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

কিথ মরিস এলিসনের জন্ম ১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগানের ডেট্রয়েটে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার পরিবার ছিল ক্যাথলিক ধর্মাবলম্বী। বাবা লিওনার্ড এলিসন ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ এবং মা ক্লিডা মার্টিনেজ এলিসন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় ক্যাথলিক ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন এলিসন। ২০০৬ সালে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন মুসলিমের সঙ্গে পরিচয় হয় তার। ধর্ম, বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে তাদের সঙ্গে আলোচনার পর তারা তাকে জুমার নামাজে আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে যা শুনেছিলেন, তা তার ভালো লাগে। এরপর থেকে তিনি মুসলিম।

এলিসন পরে বলেছিলেন, ইসলামের সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বার্তা তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়েও তার আগ্রহ ছিল।

কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য

আইন বিষয়ে পড়াশোনা শেষে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এলিসন। নাগরিক অধিকার, কর্মসংস্থান ও ফৌজদারি আইন নিয়ে কাজ করেছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের আইনসভায়ও দায়িত্ব পালন করেন তিনি।

২০০৬ সালের নভেম্বরে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল জেলা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন এলিসন। এর মধ্য দিয়ে দেশটির কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য হওয়ার ইতিহাস গড়েন। ২০০৭ সালের ৪ জানুয়ারি তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

তবে তার শপথ গ্রহণের জন্য কোরআন বেছে নেওয়ার সিদ্ধান্ত সে সময় যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কারণ, এর আগে কংগ্রেস সদস্যদের শপথের আনুষ্ঠানিকতায় সাধারণত বাইবেল ব্যবহারের বিষয়টি বেশি আলোচিত ছিল। এলিসন চেয়েছিলেন, তার শপথের আনুষ্ঠানিক অনুষ্ঠানে এমন একটি কোরআন ব্যবহার করতে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসেরও যোগ রয়েছে।

জেফারসনের ব্যক্তিগত সংগ্রহের কোরআন

এলিসন শপথের আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য বেছে নেন টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা দুই খণ্ডের একটি ইংরেজি অনুবাদের কোরআন। বইটির নাম ‘দ্য কোরআন, কমনলি কলড দ্য আলকোরান অব মোহাম্মদ’। এটি আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন জর্জ সেল। ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত এই সংস্করণটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের বিরল বই ও বিশেষ সংগ্রহ বিভাগে সংরক্ষিত রয়েছে।

জেফারসন ১৭৬৫ সালের দিকে ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গে আইন বিষয়ে পড়াশোনার সময় কোরআনের এই দুই খণ্ড সংগ্রহ করেছিলেন। তখন তার বয়স ছিল ২১ বা ২২ বছর। ধর্ম, আইন ও বিশ্বের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আগ্রহের কারণে তিনি বইটি সংগ্রহ করে থাকতে পারেন বলে লাইব্রেরিটির এক কর্মকর্তা ধারণা প্রকাশ করেছিলেন।

১৮১৪ সালে ব্রিটিশ বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ও কংগ্রেসের গ্রন্থাগার পুড়ে যায়। পরে ১৮১৫ সালে জেফারসন তার ব্যক্তিগত সংগ্রহের ৬ হাজার ৪৮৭টি বই কংগ্রেসের কাছে বিক্রি করেন। এর মধ্যে ছিল কোরআনের ওই দুই খণ্ডও। কংগ্রেসের গ্রন্থাগার পুনর্গঠনে জেফারসনের এই সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এরপর ১৮৫১ সালের বড় অগ্নিকাণ্ডে জেফারসনের সংগ্রহের প্রায় দুই-তৃতীয়াংশ বই নষ্ট হয়ে যায়। তবে তার কোরআনের দুই খণ্ড অক্ষত ছিল। ১৯১৮ সালে বই দুটি নতুন করে বাঁধাই করে সংরক্ষণ করে লাইব্রেরি অব কংগ্রেস।

শপথের দিন কোথায় ছিল কোরআনটি?

এলিসনের শপথ গ্রহণের ঘটনাটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রায়ই ভুলভাবে উপস্থাপন করা হয়। ২০০৭ সালের ৪ জানুয়ারি কংগ্রেসের অন্য সদস্যদের সঙ্গে তিনি প্রথমে প্রতিনিধি পরিষদের ফ্লোরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। ওই সম্মিলিত শপথের সময় তার হাতে জেফারসনের কোরআন ছিল না।

এরপর একই দিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির উপস্থিতিতে ক্যাপিটল ভবনের স্যামুয়েল রেবার্ন কক্ষে ব্যক্তিগত আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এলিসন জেফারসনের কোরআনের ওপর হাত রেখে শপথ নেন। লাইব্রেরি অব কংগ্রেসের কর্মকর্তারা বিরল বইটি বিশেষভাবে সংরক্ষিত বাক্সে করে সেখানে নিয়ে গিয়েছিলেন।

লাইব্রেরি অব কংগ্রেসের ২০০৭ সালের ৩ জানুয়ারির সংবাদ বিজ্ঞপ্তি এবং একই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যার লাইব্রেরি অব কংগ্রেস ইনফরমেশন বুলেটিনে এ ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে।

এলিসনের এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়েছিলেন, আবার কেউ সমালোচনাও করেছিলেন। তবে জেফারসনের ব্যক্তিগত সংগ্রহের কোরআন ব্যবহার করে শপথ নেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।

সূত্র: রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, লাইব্রেরি অব কংগ্রেস ও লাইব্রেরি অব কংগ্রেস ইনফরমেশন বুলেটিন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...