ইরানের পরমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
বুধবার তার সামজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সিএনএন, নিউইয়র্ক টাইমস সবাই মিলে হামলা সম্পর্কে ভুয়া খবর দিয়েছে। তার মতে, ইরানে হামলা ছিল ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি। আর সেই হামলাকে এসব গণমাধ্যম তাদের প্রতিবেদনে অবমূল্যায়ন করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প।
পোস্টে তিনি আবারো দাবি করেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
তার মতে, ‘সিএনএন এবং নিউইয়র্ক টাইমস এই দুই গণমাধ্যমই জনসাধারণের কাছে নিন্দিত হচ্ছে।’
এরআগে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে এক বিশ্লেষণে জানায় পেন্টাগন। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে বলে জানানো হয় গোয়েন্দা প্রতিবেদনে।
এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন। কিন্তু মাত্র তিনদিনের মাথায় এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন ।
পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



