ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংহতি ও সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন শেষে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে ফিদান বলেন, ‘ওআইসির বৈঠকে দেওয়া বক্তব্যে আমরা বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সংহতি বজায় রাখা এবং ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।’
সফরকালে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও পার্লামেন্টের স্পিকার হাইবেত হালবুসির সঙ্গে বৈঠক করেন ফিদান। এছাড়া দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়দান, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশনের চেয়ারম্যান ফালিহ আল-ফাইয়াদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আব্বুদির সঙ্গেও বৈঠক করেন তিনি।
ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রেসিডেন্ট ও কিরকুকের গভর্নর মেহমেত সেমান আগাওলুর সঙ্গেও সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
ফিদান জানান, এসব বৈঠকে তুরস্ক ও ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
এদিকে আঞ্চলিক সংঘাত নিরসনের চলমান প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বৈঠক করেন তিনি।
ফিদান বলেন, ‘মুসলিম বিশ্বের সংহতি জোরদার করা, নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং আমাদের অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে তুরস্ক দৃঢ়তার সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


