ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী পালন করছে ইরান। দিনটি উপলক্ষে দেশব্যাপী শোভাযাত্রায় অংশ নিচ্ছেন সর্বস্তরের লাখ লাখ মানুষ। বুধবার সকাল থেকেই রাজধানী তেহরানসহ এক হাজারেরও বেশি শহরে জড়ো হতে শুরু করেন জনতা। খবর প্রেস টিভির।
সবচেয়ে বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে তেহরানের আজাদি স্কয়ারে। সেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভাষণ দেবেন।
আয়োজকেরা বলছেন, দেশব্যাপী ১ হাজার ৪০০টিরও বেশি স্থানে শোভাযাত্রা হচ্ছে। দিনটি উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করছেন প্রায় ৭ হাজার ২০০ দেশীয় এবং প্রায় ২০০ বিদেশি গণমাধ্যমকর্মী।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে অনেক শহর, বিশেষ করে তেহরানে ইরানের পতাকা হাতে জড়ো হন স্বতঃস্ফূর্ত জনতা। কর্তৃপক্ষ বহিরাগত চাপের মধ্যে জনতার এই অংশগ্রহণকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছে।
ইসলামি বিপ্লব দিবসের শোভাযাত্রাগুলো ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনপুষ্ট পাহলভি একনায়কতন্ত্রের পতনের স্মরণে আয়োজন করা হয়। জানুয়ারির মাঝামাঝি সময়ে শাহের প্রস্থানের কয়েক সপ্তাহ পর, ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি ইমাম খোমেনি নির্বাসন থেকে ফিরে আসেন এবং জনগণের কাছ থেকে বিশাল সংবর্ধনা পান।
অবশেষে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি পাহলভি শাসনের পতন নিশ্চিত হয়, যখন সেনাবাহিনী শাহের প্রতি আনুগত্য ত্যাগ করে এবং বিপ্লবীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে ২ হাজারের বেশি অপরাধীকে ক্ষমা করলেন খামেনি