মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ইতোমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বিশেষ দূত উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে ইসরাইল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরাইল এই প্রস্তাবে সায় দেয়।’
তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনা এখনো চলছে, এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে—যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।’
এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ।’
তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

