যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক দিন আগে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আজ বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। স্থানীয় সময় সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে।
মন্ত্রণালয়ের ধারণা, ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ১১ দিনের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা। প্রতি বছর গ্রীষ্মে এই মহড়া অনুষ্ঠিত হয়। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করাই মহড়ার লক্ষ্য।
তবে পিয়ংইয়ং এসব মহড়াকে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি হিসেবে দেখে। অতীতেও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে ও পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাপানকে নিয়েও সমালোচনা
সাম্প্রতিক সময়ে জাপানের বিরুদ্ধেও কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, জাপান আবার সামরিক শক্তি বাড়ানোর পথে এগোচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে জাপান। তবে সাম্প্রতিক সময়ে দেশটি সামরিক ব্যয় বাড়াচ্ছে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার করছে। দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাও মোতায়েন করছে জাপান।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি গত সপ্তাহে বলেন, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দেশটির সামরিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
এর পরপরই জাপানের সমালোচনা করে উত্তর কোরিয়া। দেশটির ভাষ্য, জাপান যুদ্ধরাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন
আন্তর্জাতিক সংঘাতেও সাম্প্রতিক সময়ে আরো সক্রিয় ভূমিকা নিচ্ছে উত্তর কোরিয়া। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করছে দেশটি।
গতকাল ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অভিযোগ করেছেন, মস্কো পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার সমর্থনে এগিয়ে আসার বিনিময়ে উত্তর কোরিয়া আর্থিক ও সামরিক সুবিধা পেয়েছে। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সেনারাও আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।
মহড়ায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা
আগামী সোমবার শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সেনা অংশ নেবেন। দেশটিতে অবস্থানরত মার্কিন সেনারাও এতে অংশ নেবেন।
মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর মুখপাত্র কর্নেল রায়ান ডোনাল্ড জানিয়েছেন, মহড়ায় ইউরোপে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা উত্তর কোরিয়ার সেনাদের মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

