হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প-শি, আলোচনায় বাণিজ্য-প্রযুক্তি-নিরাপত্তা

হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প-শি, আলোচনায় বাণিজ্য-প্রযুক্তি-নিরাপত্তা
ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। নিরাপত্তা, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের আগে দুই নেতাকে সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় একটি বি-২ স্টেলথ বোমারু বিমান ও এফ-২২ বলে ধারণা করা কয়েকটি যুদ্ধবিমান উড়ে যায়। সামরিক ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাও প্রদর্শন করা হয়।

বৈঠকের আগে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই দেশ আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে। এর মধ্যে মার্কিন কৃষক ও পশুপালকদের জন্য চীনের বাজারে নতুন প্রবেশাধিকার তৈরির বিষয়ও রয়েছে।

তিনি বলেন, বৈঠকে নিরাপত্তা, প্রযুক্তি এবং ‘সুপারইন্টেলিজেন্স’ বা অতিউন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত জরুরি বিষয়গুলোও আলোচনা হবে।

অন্যদিকে শি জিনপিং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ আরো জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশ অভিন্ন স্বার্থের জায়গা খুঁজে নিয়ে খোলামেলা, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারে।

পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও আইন প্রয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ বাড়ানোরও আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার পরে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের আয়োজনে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছান শি। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরটি এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম সফর।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন