যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দ্রুত বিস্তার লাভ করা দাবানল ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমানে অঙ্গরাজ্যের ১২টি বড় দাবানল এলাকায় ৮০ হাজার ৯০০ হেক্টরেরও বেশি ভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা চার বছর ধরে চলা খরার কারণে ওয়াশিংটনের বনাঞ্চল ও উন্মুক্ত এলাকা আগুনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটি রাজ্যটির ইতিহাসে দীর্ঘতম খরার সময়গুলোর একটি।
ভারপ্রাপ্ত গভর্নর ফার্গুসন বলেন, দীর্ঘস্থায়ী খরার সঙ্গে প্রবল দমকা বাতাস যুক্ত হওয়ায় দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানো এবং কৃষিকাজে আগুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
কর্তৃপক্ষের আশঙ্কা, বছরের মাত্র আগস্ট মাস শুরু হলেও ২০২৬ সাল ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুমগুলোর একটি হিসেবে চিহ্নিত হওয়ার পথে রয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে আগুন স্পোকেন নদী অতিক্রম করে শহরের মূল অংশে প্রবেশ করে। এরপর শহরের বিস্তীর্ণ এলাকাকে সর্বোচ্চ সতর্কতার আওতায় এনে বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিশেষ করে শহরতলির বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। যাদের বাড়িঘর ঝুঁকিতে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্ত কানাডা পর্যন্ত বিস্তৃত। এদিকে প্রতিবেশী কানাডাও সম্প্রতি ভয়াবহ দাবানলের কবলে পড়ে। গত জুলাইয়ে দেশটিতে প্রায় ৩০ লাখ হেক্টর এলাকা আগুনে পুড়ে যায়, যার আয়তন প্রায় পুরো বেলজিয়ামের সমান।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


