রংপুরে চার খুনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও এ হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলবদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং সার্ভিসিংয়ের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, রংপুরে ইতিপূর্বে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটনে তদন্তকারী দল বিভিন্ন দিক গভীরভাবে বিশ্লেষণ করছে। এ কারণে সামান্য কিছুটা সময় লাগলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে আদালতে চার্জশিট দাখিল করে বিচার কার্যক্রম সম্পন্ন করার আশা প্রকাশ করছি।
এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গত মাসের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করতেই তার এই আগমন বলে জানান মন্ত্রী। আগামী এক মাসের মধ্যে হাসপাতালের আইসিইউতে নতুন বেড চালুর সুসংবাদও দেন তিনি।
বিগত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী মন্তব্য করেন, অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তবে বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আশ্বাস দেন, দেশের হাসপাতালগুলোতে জনবলসংকট সমাধানসহ প্রয়োজনীয় চাহিদা অল্প সময়ের মধ্যেই পূরণ করা হবে। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এর আগে মন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

