চট্টগ্রামের রাউজানে জানিপাথরে ঈদে মিলাদুন্নবীর দাওয়াত খেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
এঘটনায় চার নারী আহত হয়েছেন।
রোববার বিকেলে জানিপাথরের পাঁচপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাদিয়া আকতার (২৫), মরিয়ম বেগম (২০), মনি আকতার (২৬), মাহি আকতার ( (১৯)। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ মফিজুর রহমান বাদী হয়ে রাউজান থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মফিজুর রহমান বাড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল ও কয়েক'শ মানুষের খাবার আয়োজন করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে পার্শ্ববর্তী এলাকার মো. রুবেল (২৭), বুরু ছালাম (৩৫), মো. ইকবাল (৪০), চালিয়ে (২৫) ও মো. ফারুকসহ (৩০) অচেনা ২০-২২ জন অংশ নেন। খাওয়া-দাওয়া শেষে রুবেল ও তার সঙ্গীরা আয়োজক মফিজুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল তাকে গালিগালাজ করে । পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা তারা চলে যায়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত রুবেল তার মুঠোফোন (০১৮২৬০৯৫২৮৫) থেকে কল দিয়ে পুনরায় চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। কিছু সময় পর তারা দলবল নিয়ে হামলা করে।
অভিযোগ অস্বীকার করে রুবেল বলেন, আমি দুপুরে তাদের বাসায় দাওয়া খেয়েছি সত্য, এরপর কি হয়েছে তা জানিনা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

