ট্রাম্পের ২২ ফুট দীর্ঘ সোনার মূর্তি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের ২২ ফুট দীর্ঘ সোনার মূর্তি
গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সুউচ্চ স্বর্ণমূর্তি উন্মোচন করা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার ফ্লোরিডার গলফ রিসোর্টে স্থাপিত ২২ ফুট উচ্চতার একটি সোনার মূর্তি। ফ্লোরিডার ডোরালে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

বিশাল এই ভাস্কর্যে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত বছর পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি সমাবেশে হামলা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প যে ভঙ্গিতে সমর্থকদের উদ্দেশে হাত তুলেছিলেন, সেই দৃশ্যই এতে ফুটিয়ে তোলা হয়েছে। খেজুরগাছঘেরা প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি একটি উঁচু বেদির ওপর বসানো হয়েছে।

বিজ্ঞাপন

উন্মোচন অনুষ্ঠানে নেতৃত্ব দেন ইভানজেলিক্যাল খ্রিস্টান ধর্মযাজক মার্ক বার্নস। অনুষ্ঠানের শুরুতে ভাস্কর্যটি সাদা ও নীল কাপড়ে আবৃত ছিল, যা দেখতে অনেকটা গ্রিক টোগার মতো। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বার্নস বলেন, এই ভাস্কর্য সহনশীলতা, স্বাধীনতা, দেশপ্রেম, শক্তি এবং আমেরিকার ভবিষ্যতের জন্য লড়ে যাওয়ার মানসিকতার প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো স্বর্ণের বাছুর নয়, অর্থাৎ মূর্তিপূজার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য, এটি জীবনের উদযাপন এবং ট্রাম্প একাধিক হত্যাচেষ্টা থেকে রক্ষা পাওয়ায় ঈশ্বরের সুরক্ষার প্রতীক।

অনুষ্ঠানের একপর্যায়ে বার্নস নিজের মোবাইল ফোন মাইক্রোফোনের সামনে ধরে ট্রাম্পের বক্তব্য সরাসরি অতিথিদের শোনান। দূরবর্তী বার্তায় ট্রাম্প বলেন, মার্ক বার্নস একজন ভালো ধর্মযাজক এবং ভালো মানুষ। তিনি শুরু থেকেই আমার পাশে ছিলেন। এছাড়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি জানি এটি ভালোবাসা থেকেই করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভাস্কর্যটির অর্থায়ন করেছে একদল ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী, যারা তাদের মেমেকয়েন ‘প্যাট্রিয়ট’ প্রচার করছে। ভাস্কর্যের শিল্পী অ্যালান কট্রিল জানান, তিনি ৩ লাখ ডলারে ব্রোঞ্জের ভাস্কর্যটি নির্মাণে রাজি হন। পরে অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় তিনি এতে সোনালি প্রলেপ দেওয়ার প্রস্তাব দেন।

কট্রিল আরো দাবি করেন, পুরো অর্থ না পাওয়া পর্যন্ত তিনি ভাস্কর্যটি একটি গুদামে আটকে রেখেছিলেন। তবে বিনিয়োগকারীরা এ দাবি অস্বীকার করে জানায়, এক বছর আগেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে এবং তারা এটিকে ঐতিহাসিক ভাস্কর্য হিসেবে অভিহিত করে শিল্পীর কাজের প্রশংসা করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পকে ঘিরে একাধিক বিতর্কিত শিল্পকর্ম দেখা গেছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের কাছে প্রদর্শিত বেস্ট ফ্রেন্ডস ফরএভার নামের একটি ভাস্কর্যে ট্রাম্পকে প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে দেখানো হয়। আরেকটি শিল্পকর্ম কিং অফ টি ওয়ার্ল্ড -এ টাইটানিক চলচ্চিত্রের বিখ্যাত ভঙ্গিতে দুজনকে উপস্থাপন করা হয়েছিল। প্রতিবাদী সংগঠন সিক্রেট হ্যান্ডশেকের কমিশনে তৈরি ওই শিল্পকর্মগুলো পরে সরিয়ে ফেলা হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...