রোগীদের দুর্ভোগ দেখে নিজ খরচে সড়ক মেরামত ছাত্রদল নেতার

রোগীদের দুর্ভোগ দেখে নিজ খরচে সড়ক মেরামত ছাত্রদল নেতার

টেন্ডার সম্পন্ন হলেও মামলা জটিলতায় শুরু হয়নি সড়ক সংস্কারের কাজ। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা এই সড়ক দিয়ে প্রতিদিন চরম ভোগান্তি সামলে চলাচল করছেন অসুস্থ রোগী, স্বজন ও সাধারণ মানুষ। শেষ পর্যন্ত ঠিকাদারের কাজ শুরুর অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বুড়িচং-রাজাপুর সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় খানাখন্দ তৈরি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে জরুরি রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীদের হাসপাতালে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদার আইনি জটিলতায় মূল কাজ শুরু করতে পারছেন না। ফলে দিনের পর দিন দুর্ভোগ সঙ্গী করেই হাসপাতালমুখী মানুষকে যাতায়াত করতে হচ্ছে।

মাকে নিয়ে বুড়িচং হাসপাতালে চিকিৎসা করাতে আসা আতিকুল ইসলাম বলেন, এর আগেও মাকে নিয়ে দুবার এসেছি, এই সড়কে চলাচল করতে খুব কষ্ট হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ইকবাল হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত অর্থায়নে সড়ক মেরামতের এই মানবিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

ইকবাল হোসেন ভূঁইয়া জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও রোগী যাতায়াত করেন। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে বসে না থেকে রোগী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করেই নিজ অর্থায়নে এটি সাময়িকভাবে মেরামতের উদ্যোগ নিয়েছি।

স্থানীয়দের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশের এই সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা নিরসনে মূল ঠিকাদারি কাজ দ্রুত শুরু করে স্থায়ী সংস্কার করা হোক, তা না হলে বর্ষা বা সামনে ভোগান্তি আরো বাড়বে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন