যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়তে পারে বলে মধ্যস্থতাকারীদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা এর ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে একটি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করতে পারে। অন্যদিকে ইরান ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পদক্ষেপ নেবে। এছাড়া ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে থাকা ইরানের জব্দকৃত সম্পদ আটকে রাখার প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হতে পারে।
এদিকে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, প্রথম ধাপের আলোচনার অংশ হিসেবে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চুক্তির বিস্তারিত বিষয় নির্ধারণ করা হতে পারে।
বাঘাই আরো জানান, সম্ভাব্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকবে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: হারেৎজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


