সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। এতে ২০১৫ সালের জাতীয় বেতনস্কেলের (বর্তমান বেতনস্কেল) সঙ্গে নতুন বেতনস্কেলের তুলনা করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ। এরপরের গ্রেডগুলোতে বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ১৪২ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বেতন স্কেলের আর্থিক প্রভাব ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে সরকার একযোগে পুরো বেতন স্কেল বাস্তবায়ন না করে দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।
স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আগে বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। ভাতাগুলো ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে। পর্যায়ক্রমে বেতন স্কেল বাস্তবায়ন করা হলে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির চাপ প্রশমিত করা সম্ভব হবে।
অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ম গ্রেডে বর্তমানে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা। প্রস্তাবিত ২০২৬ সালের বেতনস্কেলে তা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
২য় গ্রেডে বর্তমান বেতন ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা। নতুন বেতনস্কেলে তা ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৯ হাজার টাকা। ৩য় গ্রেডে বর্তমান ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৮০০ টাকার বিপরীতে নতুন বেতন ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
৪র্থ গ্রেডে বর্তমান বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। নতুন স্কেলে তা ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। ৫ম গ্রেডে বর্তমান ৪৩ হাজার থেকে ৬৮ হাজার ৭৫০ টাকার বিপরীতে নতুন বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
৬ষ্ঠ গ্রেডে বর্তমান ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। নতুন স্কেলে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। ৭ম গ্রেডে বর্তমান ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকার বিপরীতে নতুন বেতন ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।
৮ম গ্রেডে বর্তমান ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৮৯০ টাকা এবং নতুন স্কেলে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা। ৯ম গ্রেডে বর্তমান ২২ হাজার থেকে ৫৫ হাজার ৩৬ টাকা; নতুন স্কেলে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
১০ম গ্রেডে বর্তমান ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকার বিপরীতে নতুন বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার টাকা। ১১তম গ্রেডে বর্তমান ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা; নতুন স্কেলে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। এ দুই গ্রেডেও প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
অন্যদিকে, ১২তম গ্রেড থেকে প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি। ১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৯০০ টাকার বিপরীতে নতুন বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার ৭০০ টাকা এবং বৃদ্ধির হার ১১৫ শতাংশ।
১৩তম গ্রেডে বর্তমান ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। নতুন স্কেলে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। বৃদ্ধির হার ১১৮ শতাংশ। ১৪তম গ্রেডে বর্তমান ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৮৬০ টাকার বিপরীতে নতুন বেতন ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। বৃদ্ধির হার ১৩০ শতাংশ।
১৫তম গ্রেডে বর্তমান ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা; নতুন স্কেলে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা। প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। ১৬তম গ্রেডে বর্তমান ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকার বিপরীতে নতুন বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, বৃদ্ধির হার ১৩৫ শতাংশ।
১৭তম গ্রেডে বর্তমান ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। নতুন স্কেলে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। ১৮তম গ্রেডে বর্তমান ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৫০ টাকা; নতুন স্কেলে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। বৃদ্ধির হার ১৩৯ শতাংশ।
১৯তম গ্রেডে বর্তমান ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকার বিপরীতে নতুন বেতন ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা। এ গ্রেডে বৃদ্ধির হার ১৪১ শতাংশ।
সবশেষ ২০তম গ্রেডে বর্তমান ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। নতুন স্কেলে তা ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এ গ্রেডে প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


