ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পটভূমিতে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন বা ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের একটি বিশাল সামরিক ব্যয় বিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
'ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট' (এনডিএএ) শীর্ষক এই সামরিক প্রস্তাবনায় মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনীকে আরো সমন্বিত ও একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ বিধানও অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২১৬টি এবং বিপক্ষে ২১২টি ভোট পড়ে। রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষে মূল ভোটাভুটি দলীয় লাইনেই হয়েছে। ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির অধিকাংশ সদস্য বিলের পক্ষে এবং ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ সদস্য এর বিপক্ষে রায় দেন।
তবে ভোটাভুটিতে দুই দলের ভেতরেই দলীয় সিদ্ধান্তের ব্যতিক্রম দেখা গেছে। রিপাবলিকান দলের সাতজন আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপক্ষে ভোট দেন।
তারা হলেন—ওকলাহোমার জশ ব্রেচিন, টেনেসির টিম বার্চেট, অ্যারিজোনার ইলাই ক্রেন, ওয়াইওমিংয়ের হ্যারিয়েট হেগেম্যান, ফ্লোরিডার অ্যানা পলিনা লোনা, কেনটাকির থমাস ম্যাসি এবং টেক্সাসের চিপ রয়।
অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির ছয়জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিলটির পক্ষে সমর্থন জানান।
তারা হলেন—টেক্সাসের হেনরি কুয়েলার, নর্থ ক্যারোলাইনার ডন ডেভিস, মেইনের জ্যারেড গোল্ডেন, টেক্সাসের ভিসেন্তে গঞ্জালেস, ক্যালিফোর্নিয়ার অ্যাডাম গ্রে এবং ওয়াশিংটনের মারি গ্লুসেনক্যাম্প পেরেজ।
প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ার পর বিলটি চূড়ান্ত পাসের জন্য এখন মার্কিন উচ্চকক্ষ বা সিনেটে পাঠানো হচ্ছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

