সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৫ আগস্টের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া দুজনের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এক শিশুর বয়স ৫ মাস, অপর শিশুটির বয়স ১১ মাস। তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। তাদের ঠিকানা হিসেবে প্রতিবেদনে সিলেটের টুকেরবাজার ও জকিগঞ্জের ওয়াসার এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ৬৩ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন ভর্তি আছে। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন এবং নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছে। কয়েকটি উপজেলা ও জেলা হাসপাতালেও হাম সন্দেহে রোগী ভর্তি আছে।
জেলাভিত্তিক হিসাবে বছরের শুরু থেকে সিলেটে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩০৫। হবিগঞ্জে ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-c9ddd3.jpg)