বিজয়ের পর প্রথম ভাষণে যা বললেন ইলহান ওমর

বিজয়ের পর প্রথম ভাষণে যা বললেন ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন সোমালি বংশোদ্ভূত প্রভাবশালী ডেমোক্র্যাট রাজনীতিক ইলহান ওমর। টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য (কংগ্রেসম্যান) হিসেবে জয়লাভের পর দেওয়া প্রথম ভাষণে তিনি বিদ্বেষ ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে ঐক্য ও ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।

নির্বাচনি ফলাফল নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে দেওয়া এক আবেগঘন বিজয়ী ভাষণে ইলহান ওমর বলেন, ‘মিনেসোটা ও পুরো দেশজুড়ে আমরা যে অসাধারণ ফলাফল দেখছি, তা তখনই সম্ভব হয় যখন আপনি সহমর্মিতা, সাহসিকতা এবং মানবিক মূল্যবোধ নিয়ে নেতৃত্ব দেবেন। যখন আপনি আপনার প্রতিবেশীর যত্ন নেবেন এবং নিজের আদর্শ অনুযায়ী ভোট দেবেন।’

বিজ্ঞাপন

রাজনৈতিক প্রতিপক্ষ ও তৎকালীন প্রশাসনের ধারাবাহিক আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যখন তারা মিনেসোটাবাসীর ওপর চড়াও হয়েছিল, আমরা কেবল রাজপথে নেমে প্রতিবেশীদের রক্ষা করেই থেমে থাকিনি; আমরা জানতাম নির্বাচনের দিন এলে ব্যালট বাক্সে এর মোক্ষম জবাব দিতে হবে। ভোটের মাধ্যমে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি—মিনেসোটা এমন কোনো জায়গা নয়, যেখানে যা খুশি তা-ই করা যায়।’

নিজের ওপর চালানো ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের জবাব দিয়ে ইলহান ওমর উল্লেখ করেন, বিরোধীরা ভেবেছিল ভয়ভীতি ও আক্রমণ চালিয়ে তার সম্প্রদায়কে স্তব্ধ করে দেওয়া যাবে এবং তারা হয়তো ভোটকেন্দ্রে যাবে না। কিন্তু সাধারণ মানুষ উল্টো বিপুল সংখ্যায় ভোট দিয়ে সেই অপচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওহাইও, মেইন ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে তারা কারও রাজনৈতিক খেয়ালের গুটি হতে প্রস্তুত নয়।

ভাষণে মিনেসোটাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ইলহান ওমর বলেন, ‘আমার পরিবারকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং নতুন জীবন শুরুর সুযোগ করে দেওয়ার জন্য মিনেসোটাকে ধন্যবাদ। আমাকে ও আমার ভাই-বোনদের শিক্ষিত করার সুযোগ দেওয়া এবং আমার বাবাকে মর্যাদার সঙ্গে অবসরে যাওয়ার অধিকার দেওয়ার জন্য ধন্যবাদ।’

তিনি আরও যোগ করেন, ‘মিনেসোটা কেবল একজন তরুণ শরণার্থীকে আশ্রয়ই দেয়নি, বরং তাকে বেছে নিয়ে দেশের নীতি নির্ধারণের জন্য কংগ্রেসে পাঠিয়েছে।’

বক্তব্যের শেষভাগে রাজনৈতিক প্রতিপক্ষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরের উদ্দেশে কড়া বার্তা দেন এই ডেমোক্র্যাট নেতা। কংগ্রেসের নজরদারি কমিটির আসন্ন চেয়ারম্যান রবার্ট গার্সিয়ার একটি মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘হয়রানি ও রাজনৈতিক দমনপীড়নের দিন শেষ। এবার স্বচ্ছতা ও জবাবদিহিতার সময় শুরু হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন