ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই শুভংকরের ফাঁকি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই শুভংকরের ফাঁকি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা এক দিনে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। বিগত ১৭ বছরে বিভিন্ন জায়গায় শতভাগ বিদ্যুতের নামে সাইনবোর্ড ঝুলিয়ে জনগণকে শুভংকরের ফাঁকি দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই ছিল এমন শুভংকরের ফাঁকি। তারা বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে নিজস্ব কিছু বিশেষ ব্যক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছুটা সময় প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার সঙ্গে মাদকের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়; এজন্য সামাজিকভাবে প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল অর্জনগুলোকে নস্যাৎ করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এই হীন উদ্দেশ্য সবাইকে অনুধাবন করতে হবে। তারা যেন কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে, সে জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন