২০০১ সালের ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেটের জন্য অবিস্মরণীয় একটি দিন। ২৫ বছর আগের এই দিনে টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। পুরো বিশ্বে বাংলাদেশ ক্রিকেটও এসেছিল আলোচনায়।
২৫ বছর পরেও আশরাফুলের সেই রেকর্ড এখন পর্যন্ত অক্ষত। তখনকার ১৭ বছরের তরুণ ক্রিকেটার আশরাফুল এখন ৪২ বছর বয়সী কোচ। কাজ করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে। আজ (৯ সেপ্টেম্বর) ২৫ বছর আগের সেই রেকর্ডগড়া ইনিংসের স্মৃতিচারণ করেছেন আশরাফুল।
ফেসবুকে তিনি লেখেন, '২৫ বছর… সময়টা কীভাবে পেরিয়ে গেল, ভাবতেই অবাক লাগে! ২০০১ সালের এই দিনে, মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেঞ্চুরিটা ছিল শুধু একটা ইনিংস নয়—আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের শুরু।'
'সেদিন ব্যাট হাতে মাঠে নামা সেই কিশোরটা জানত না, তার এই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এতটা জায়গা করে নেবে। সেই মুহূর্ত, সেই ভালোবাসা, সেই উচ্ছ্বাস—আজও আমার চোখে ভাসে।'
তিনি আরও লিখেছেন, '২৫ বছর পরও যখন মানুষ সেই ইনিংসের কথা মনে রাখে, তখন মনে হয়—ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই।'
'যারা সেদিন পাশে ছিলেন, যারা আজও ভালোবাসেন—আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের। বাংলাদেশের ক্রিকেটের সেই ছোট্ট আশরাফুলটা আজও আমার ভেতরে বেঁচে আছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

