ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর শেয়ারবাজারে বড় দরপতনের ধাক্কা লেগেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদেও। মাত্র দুই দিনে তার সম্পদ কমেছে প্রায় ১১৩ বিলিয়ন বা ১১ হাজার ৩০০ কোটি ডলার।

বিজ্ঞাপন

রিপাবলিকানদের নির্বাচনি প্রচারে ৪৪ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছিলেন মাস্ক। কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। এতে তার মালিকানাধীন সবচেয়ে বড় দুটি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দরেও বড় পতন হয়েছে।

বুধবার টেসলার শেয়ারের দাম কমে ৩ দশমিক ৩৪ শতাংশ। পরদিন বৃহস্পতিবার দরপতনের পরিমাণ দাঁড়ায় ১০ দশমিক ৭ শতাংশে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ১৭ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক মাস্ক।

অন্যদিকে, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম বুধবার কমে ৩ দশমিক ৮ শতাংশ এবং বৃহস্পতিবার আরও ৯ শতাংশ। প্রতিষ্ঠানটির ১০ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে মাস্কের হাতে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের হিসাব অনুযায়ী, বুধবার মাস্কের সম্পদের পরিমাণ কমে ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। পরদিন বৃহস্পতিবার আরও ৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার হারান তিনি। সব মিলিয়ে দুই দিনে তার সম্পদ কমেছে ১১৩ দশমিক ২ বিলিয়ন ডলার।

তবে এত বড় লোকসানের পরও বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন মাস্ক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৭৮৫ বিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের সম্পদ ৩৭০ বিলিয়ন ডলার। অর্থাৎ বেজোসের তুলনায় মাস্কের সম্পদ এখনো দ্বিগুণেরও বেশি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন