পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিক মজলিসের

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি শ্রমিক মজলিসের

গার্মেন্টস শিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ, সার্বজনীন মজুরি বোর্ড গঠন, বন্ধ কলকারখানা খুলে দেওয়া এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম বলেন, ‘বিগত দিনের সরকারগুলোর মতো বর্তমান সরকারও মজুরি নির্ধারণকে সামনে রেখে বিভিন্ন ধরনের অকার্যকর পদক্ষেপ ও হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষুব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারকে অবশ্যই বুঝতে হবে, এই সরকার শ্রমিকদের রক্তের ওপর দিয়ে গড়ে উঠেছে। তাই শ্রমিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের দমন-পীড়ন এবং হঠকারী সিদ্ধান্ত দেশের আগামী দিনের টেকসই শাসনব্যবস্থাকে ব্যাহত করবে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করবে।’

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা খালেদ সানোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফেজ তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হক, ডা. আবু বকর সিদ্দিকী, মো. ফারুক হোসেন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান সাকী, মহানগরী উত্তর সভাপতি মাওলানা সালমান আহমদ, সাবেক ছাত্রনেতা মনির হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পাঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন