মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা সোমবার শুরু হওয়ার কথা রয়েছে। তিনি জানান, যুদ্ধের চেয়ে আলোচনার পথই বেশি কার্যকর এবং এতে অপ্রয়োজনীয় প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
ইরানের সঙ্গে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়। আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক মানুষের প্রাণ যায়, আর আমরা তা চাই না।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযানের জন্য প্রস্তুত ছিল। তার ভাষায়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত, যা ইরানের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনত। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে আলোচনার সম্ভাবনার কথা জানানো হলে সেই অভিযান আপাতত স্থগিত রাখা হয়।
তিনি আরো বলেন, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালির পূর্ণাঙ্গভাবে উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
যদিও ট্রাম্প স্পষ্ট করেছেন যে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, তবুও কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। তার মতে, যুদ্ধ মানেই ব্যাপক প্রাণহানি, যা এড়ানো সম্ভব হলে সেটিই সবচেয়ে ভালো পথ।
এদিকে হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট ট্রাম্পের বক্তব্যের ভিডিও প্রকাশ করে তার ‘চুক্তি করতে চাই, মানুষ হত্যা করতে চাই না’ মন্তব্যকে বিশেষভাবে তুলে ধরেছে। এতে আলোচনার সূচনা এবং সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্তও উল্লেখ করা হয়, যা ট্রাম্প প্রশাসনের ‘শক্ত অবস্থান বজায় রেখেও আলোচনার প্রতি অগ্রাধিকার’ নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সম্ভাব্য সমঝোতার অগ্রগতি নিয়ে ইরানি কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।
সূত্র: গালফ নিউজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


