যুক্তরাষ্ট্রের উত্তর ফিলাডেলফিয়া এলাকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঘটে যাওয়া এ গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পুলিশ জানায়, রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে লিহাই অ্যাভিনিউ ও নর্থ হাওয়ার্ড স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। টহলরত পুলিশ সদস্যরা গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের ক্যাপ্টেন টিমোথি স্টিফান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। তবে এখনো হামলার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থল থেকে পুলিশ ২৭টি গুলির খোসা, বুলেটের অংশ এবং রক্তের দাগ উদ্ধার করেছে, যা থেকে হামলার তীব্রতা বোঝা যায়। ঘটনার পরপরই ২৫ বছর বয়সী এক যুবক শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, ৩৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

