ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে আর্সেনাল। শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে নবাগত কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিয়েছে মিকেল আর্তেতার দল।
আর্সেনালের হয়ে গোল করেছেন কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ম্যাচের প্রথম ২৩ মিনিটেই দুই গোল করে স্বাগতিকরা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে ওডেগার্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচ শেষে ওডেগার্ড বলেছেন, ‘এটি একটি চমৎকার শুরু।’ এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে ২৪৯ ম্যাচে ১৫০ জয় পূর্ণ করেছেন আর্তেতা। তাঁর চেয়ে কম ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছেন শুধু পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ ও স্যার অ্যালেক্স ফার্গুসন।
গত মৌসুমে ২২ বছর পর লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল। এবার ১৯৩২ থেকে ১৯৩৫ সালের মধ্যে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো টানা দুই মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।
অন্যদিকে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রির শুরুটা হলো হতাশায়। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতে দলটিকে শীর্ষ লিগে তুলেছিলেন সাবেক চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এবার গ্রীষ্মে সাত নতুন খেলোয়াড়ের পেছনে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করেও আর্সেনালের বিপক্ষে তারা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত গোলের উদ্দেশ্যে কোনো শটও নিতে পারেনি কভেন্ট্রি।
আর্সেনালের প্রথম দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নতুন মুখ ক্রিস্টোস জোলিস। ১৫ মিনিটে তাঁর তৈরি করা সুযোগ থেকেই গোল করেন হ্যাভার্টজ। এরপর ২৩ মিনিটে জোলিসের ক্রস থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান সাকা।
হ্যাভার্টজের জন্য গোলটি ছিল বিশেষভাবে স্বস্তির। গত মৌসুমের শুরুতে হাঁটুর চোটে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর লিগে তাঁর গোলের সংখ্যা ছিল মাত্র দুটি। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাঁচ দিন আগে গোল করার পর এবারও জালের দেখা পেলেন জার্মান ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে ক্লাব ও দেশের হয়ে শেষ আট ম্যাচে তাঁর গোল দাঁড়িয়েছে সাতটি।
বিরতির পর দ্রুতই তৃতীয় গোল পেয়ে যায় আর্সেনাল। ওডেগার্ডের শট নিখুঁত না হলেও কভেন্ট্রি গোলরক্ষক কার্ল রাশওয়ার্থকে পরাস্ত করে জালে পৌঁছে যায়। গোলের পর কিছুটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে উদযাপন করেন নরওয়ের অধিনায়ক।
আর্সেনালের দাপটের বিপরীতে কভেন্ট্রি পুরো ম্যাচে খুব কমই গোলের সুযোগ তৈরি করতে পেরেছে। ৪২তম মিনিটে লুম চাওনার ওভারহেড কিক বার ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের শেষ দিকে জ্যাক রুডোনির দুর্বল হেডার ছিল তাদের একমাত্র অন-টার্গেট শট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

