৭ দিনের কারাদণ্ড

শেরপুরে সনদবিহীন চিকিৎসককে লাখ টাকা জরিমানা

শেরপুরে সনদবিহীন চিকিৎসককে লাখ টাকা জরিমানা
ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও প্রয়োজনীয় সনদবিহীন কথিত এক চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্যানালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুনীল কুমার বিশ্বাস, তিনি রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসার মতো কার্যক্রম পরিচালনা করছিলেন।

অভিযানকালে তার চেম্বারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে উল্লিখিত দণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন