ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যেকোনো হামলার জবাবে ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ জানানো হবে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ হুঁশিয়ারি দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের বরাতে জানা যায়, গারিবাবাদি বলেন—বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুমকি মূলত বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার শামিল, যা যুদ্ধের আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগ্রাসন রোধ ও আইন লঙ্ঘন বন্ধে ব্যর্থ হওয়ায় ইরান তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করবে।
গারিবাবাদির ভাষায়, “ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাব সমানুপাতিকভাবে দেওয়া হবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে হামলা শুরুকারীদের ওপর।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করার সম্ভাব্য হুমকির প্রেক্ষিতেই তেহরানের এ কঠোর বার্তা এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

