বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট গোষ্ঠী: আসলাম চৌধুরী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট গোষ্ঠী: আসলাম চৌধুরী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট গোষ্ঠী দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোককে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আনন্দের দিনে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে? বিএনপি যখন রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন দলের ভেতর থেকে এই অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সোনাইছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকায় আয়োজিত সহানুভূতি সভায় তিনি অভিযোগ করেন, কারও ক্ষোভ বা মতপার্থক্য থাকলে তা সাংগঠনিক বৈঠকে আলোচনা করে সমাধান করতে হবে। ভুল স্বীকার করে সঠিক পথে ফিরতে চাইলে ক্ষমা করা হবে। তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে আহত নেতাকর্মীদের বাড়িতে খোঁজখবর নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ড পৌর সদরে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনার সৃষ্টি হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতে রূপ নেয়। পরে বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হলে সোনাইছড়ি, ভাটিয়ারী ও কুমিরাসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের বহনকারী শতাধিক গাড়ি আটকা পড়ে।

কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল অভিযোগ করেন, নারী নেতাকর্মীদের বহনকারী গাড়িসহ অন্তত পাঁচটি যানবাহনে হামলা-ভাঙচুর চালানো হয়েছে এবং একটি প্রচার গাড়ির মাইক ও ব্যাটারি খুলে নেওয়া হয়েছে।

হামলায় আহত এক নারী নেতাকর্মী জানান, তোরা এমপির লোক"—এই অজুহাতে তাদের গাড়ি থামিয়ে মারধর করা হয়। তিনি কাজী সালাউদ্দিনের অনুসারীদের এই হামলার জন্য দায়ী করেন।

পরিস্থিতি মোকাবিলায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন নেতাকর্মীদের প্যারালাল (সমান্তরাল) গ্রুপিং পরিহার করে মূলধারার সংগঠনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, অস্ত্র প্রদর্শন ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিএনপিতে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক শাস্তির দাবি জানিয়েছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন