ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। একই সঙ্গে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসেন।

বিজ্ঞাপন

শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৩০৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাদের পুনর্নির্বাচিত করা হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. ফখরুল ইসলামকে চেয়ারম্যান এবং ডা. মোকাদ্দেস হোসেনকে ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কোম্পানির সংঘবিধির ৯৬(ক) ধারা অনুযায়ী পরিচালনা পর্ষদের পরিচালকগণের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি উপস্থাপন করা হলে কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. ফখরুল ইসলামকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মো. ফখরুল ইসলাম কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত ডা. মোকাদ্দেস হোসেনও এর আগে একই পদে দায়িত্ব পালন করেছেন। নতুন করে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের নেতৃত্বে তাদের ধারাবাহিকতা বজায় থাকল।

বোর্ড সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিচালনা পর্ষদের অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন