মাদুরোর বিচার শুরু হতে পারে ২০২৭ সালের জুনে

মাদুরোর বিচার শুরু হতে পারে ২০২৭ সালের জুনে
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে দায়ের করা মাদক পাচার মামলার বিচারকাজ ২০২৭ সালের জুনে শুরুর প্রস্তাব করেছেন। মার্কিন অপরাধপক্ষের কৌঁসুলি (ফেডারেল প্রসিকিউটর) ও আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার আদালতের একটি নথির বরাতে সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

বুধবারের নির্ধারিত শুনানির আগেই উভয় পক্ষ বিচার-পূর্ববর্তী প্রস্তাবনা, গোপনীয় তথ্য-প্রমাণ হস্তান্তর এবং বিচার শুরুর সম্ভাব্য একটি সময়সূচি তৈরি করেছে। মার্কিন জেলা বিচারক আলভিন হেলারস্টাইন বুধবারের শুনানিতে এই সময়সূচিতে অনুমোদন দিতে পারেন।

বিজ্ঞাপন

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে মাদুরোর 'রাষ্ট্রীয় সার্বভৌম দায়মুক্তি'র আবেদনের সপক্ষে নথিপত্র জমা দেওয়া হবে, যার ওপর নভেম্বরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হতে পারে। এছাড়া আসামিপক্ষের অন্যান্য আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে।

প্রসিকিউটররা জানান, তারা ইতোমধ্যেই অপ্রকাশিত ও সাধারণ প্রমাণপত্রের বেশিরভাগই হস্তান্তর করেছেন এবং গোপনীয় নথিপত্রগুলোর সিংহভাগই আগামী নভেম্বরের মধ্যে জমা দেওয়া হবে বলে আশা করছেন। তবে উভয় পক্ষই প্রয়োজনবোধে বিচার শুরুর তারিখ পেছানোর আবেদন করার অধিকার বহাল রেখেছে। প্রসিকিউটররা উল্লেখ করেছেন যে, শ্রেণীবদ্ধ বা গোপনীয় তথ্যের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হলে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এর আগে মার্চ মাসে শেষবার আদালতে হাজিরা দিয়েছিলেন মাদুরো ও ফ্লোরেস। তখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা সরকার আইনি ফি পরিশোধ করতে না পারায় আসামিপক্ষের আইনজীবীরা মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। তবে পরবর্তীতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ ভেনেজুয়েলার তহবিলের অর্থ দিয়ে তাদের আইনি লড়াই চালাবার অনুমতি দিলে আইনজীবীরা খারিজের আবেদনটি তুলে নেন।

চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় চালানো এক মার্কিন সামরিক অভিযানের পর মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে নার্কো-টেররিজম ও যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারের উদ্দেশ্যে ড্রাগ কার্টেলগুলোর সাথে যোগসাজশের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে গত জানুয়ারিতে আদালতে শুনানিকালে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, আমি সম্পূর্ণ নির্দোষ এবং কোনো অপরাধ করিনি। আমি একজন নীতিবান মানুষ এবং আমি এখনও আমার দেশের বৈধ প্রেসিডেন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন