ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদেও দলীয় পরিচয়ধারীদের বসানো হচ্ছে। নির্বাচন কমিশনে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এর আগে এমন নিয়োগের উদ্দেশ্য কী—তা সহজেই বোঝা যায়।’

তিনি অভিযোগ করেন, সামনের নির্বাচনগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠার নতুন পরিকল্পনা শুরু হয়েছে। তবে বাংলাদেশে আর আওয়ামী লীগের আমলের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।

রাতের ভোট ও একতরফা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের মতো একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ভোটকেন্দ্র দখলের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না।

সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন দেওয়ার কথা বলা হলেও বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রশাসক বসিয়ে রাখা হয়েছে। অথচ নির্বাচন দেওয়ার বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, এই কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আর থামানো যাবে না। ‘ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই।’

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন