শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের সংস্কারের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

বিজ্ঞাপন

রোববার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে রেল প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি দেন তিনি।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শাটল ট্রেনের সংকট নিরসনে ছয়টি মূল দাবি তুলে ধরেন চাকসু এজিএস। দাবিগুলোর মধ্যে রয়েছে—কোচ ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, লুপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো, শিডিউল বিপর্যয় রোধ, যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রীসেবা নিশ্চিত করা।

আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শাটল ট্রেনের পূর্ণাঙ্গ সংস্কার শিক্ষার্থীদের প্রাণের দাবি। শাটলের ইঞ্জিনের বিভিন্ন সমস্যার কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটে। এতে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন না। এমনকি গুরুত্বপূর্ণ পরীক্ষাও মিস করার ঘটনা ঘটছে। আমরা ইঞ্জিন পরিবর্তন ও ডাবল রেললাইনের বিষয়টি প্রতিমন্ত্রীকে জানিয়েছি। তিনি শাটলের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি আরো বলেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে এসে বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এগুলো বাস্তবে ঠিকভাবে কার্যকর হবে কি না, সেটিও দেখা হবে। তবে শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের তদারকি অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন