মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কিছু শুল্ক বাতিলের রায় দেওয়ার পর চীন যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। খবর জানিয়েছে এজেন্স ফ্রান্স-প্রেস।
শুক্রবার ছয়-তিন ভোটের রায়ে আদালত জানায়, ১৯৭৭ সালের আইনের আওতায় ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের ওপর আকস্মিক শুল্ক আরোপ করেছিলেন, সেই ক্ষমতা তার নেই। রায়টি বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে।
রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি প্রথমে ভিন্ন আইনি ক্ষমতার আওতায় আমদানির ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন এবং পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। নতুন ১৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং কিছু পণ্যে ছাড় রেখে এটি ১৫০ দিন পর্যন্ত বহাল থাকতে পারে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানায়, রায়ের প্রভাব নিয়ে তারা ‘সমগ্রিক মূল্যায়ন’ করছে এবং ওয়াশিংটনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। মন্ত্রণালয় বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও নিয়ে যায় না।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুল্ক বাড়তি রাখার সম্ভাব্য পদক্ষেপ, যেমন বাণিজ্য তদন্ত, তারা ‘ঘনিষ্ঠ নজর’ রাখছে এবং নিজেদের স্বার্থ রক্ষা করবে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম চীন সফর হবে। তবে জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, এপ্রিলে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক বাণিজ্য বিরোধের জন্য নয়।
সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতায় ফেরার পরও যে বিচারিক সংস্থা সাধারণত তার পক্ষে ছিল, এবার তারা তার স্বাক্ষরিত অর্থনৈতিক নীতি বাতিল করেছে। এতে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়ও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ রায় ও ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা পর্যালোচনা করছে। গ্রিয়ার জানিয়েছেন, আদালতের সিদ্ধান্ত সত্ত্বেও চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য অংশীদারের সঙ্গে বাণিজ্য চুক্তিগুলো বহাল থাকবে।
ডিসেম্বরে মার্কিন বাণিজ্য কর্মকর্তারা বেইজিংয়ের নীতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে তা ২০২৭ সালের জুন পর্যন্ত স্থগিত থাকবে। বেইজিং তখন জানিয়েছিল, তারা পদক্ষেপের ‘কঠোর বিরোধিতা’ করছে এবং যুক্তরাষ্ট্র শুল্ককে অপব্যবহার করে অযৌক্তিকভাবে চীনা শিল্প খাতকে দমন করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

