মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেই ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইরানের অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার নতুন পরিকল্পনা সামনে এনেছে। এর অংশ হিসেবে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থাকা অন্য দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি বাড়ানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন সরকারকে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
চীন অবশ্য এই চাপের বিরোধিতা করে আসছে। বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের পর নিজেদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের বিষয়ে চীনের অবস্থান হলো, নিষেধাজ্ঞা দিয়ে চলমান সংঘাতের সমাধান হবে না। বেইজিং ছয় মাস ধরে চলা সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
চীনের মতে, মার্কিন নিষেধাজ্ঞা সংঘাতের সমাধান না করে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

