মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক কিশোরী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরের পর উপজেলার বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলন, উপজেলার মাদবরেরচর ইউনিয়নের আজিজুল সরদারের মেয়ে জান্নাত আক্তার (১৩) এবং ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)।
হাসপাতালে চিকিৎসাধীন আছেন শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২) । নিহত দুই কিশোরী সম্পর্কে খালাতো বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে জান্নাত, আকিতা ও লাবিবা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তারা পুকুর থেকে উঠে না আসায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল ৩টার দিকে জান্নাত ও আকিতাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাশি চালিয়ে লাবিবাকেও উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিশোরীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জান্নাত ও আকিতাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় লাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরো একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

