স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হলেও ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে দেশের ওপর মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হয়ে আগামী তিন দিন দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি শনিবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে জানায়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে আজ রোববার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের এ প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, স্থল নিম্নচাপটি দুর্বল হলেও ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী তিন-চার দিন সারাদেশে বৃষ্টি বাড়বে। রোববার শুধু উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়লেও এর পর থেকে সারাদেশেই বাড়বে। তবে আগের মতো অতিবৃষ্টির নাও হতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, লঘুচাপের প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়াও দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চলতি মাসজুড়েই সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে।
এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপর সতর্কবার্তায় উপকূলীয় এলাকার নৌবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টি হলেও সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর হাতিয়ায় ও বান্দরবানে। শনিবার নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল আগের দিনের মতো ৩৪ দশমিক ৪ ডিগ্রি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


