ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে নতুন করে আসা দুর্নীতির অভিযোগগুলো আগে থেকে চলমান মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করার সিদ্ধান্ত ও সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের উপপরিচালক ও মুখপাত্র মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মুখপাত্র জানান, ফেনী-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার, সরকারি-বেসরকারি জমি দখল, সরকারি নিয়োগে অনিয়ম ও পদ বাণিজ্যের মতো দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি নিজ ও তার পরিবার-পরিজনের নামে শত শত কোটি টাকার বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধের তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে আসা নতুন অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে চলমান পূর্বের মামলার সঙ্গেই সংযুক্ত করে অধিকতর ও বিস্তারিত তদন্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।
দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, সাবেক এই সংসদ সদস্য স্বপদে বহাল থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল সম্পত্তি ও জমি দখল, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগে জালিয়াতি ও ঘুষ গ্রহণ, দলীয় পদ বিক্রির মাধ্যমে অর্থ বাণিজ্যসহ বিপুল পরিমাণ টাকা অবৈধ উপায়ে বিদেশে পাচার করেছেন বলে সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

