৫০ বছরের পুরনো নলছিটি ট্রলার ঘাটে নেই যাত্রী ছাউনি, চরম দুর্ভোগে যাত্রীরা

৫০ বছরের পুরনো নলছিটি ট্রলার ঘাটে নেই যাত্রী ছাউনি, চরম দুর্ভোগে যাত্রীরা

ঝালকাঠির নলছিটি ট্রলার ঘাটটি প্রায় ৫০ বছরের পুরনো হলেও এখনো কোনো যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। ফলে রোদ-বৃষ্টি-ঝড়ে যাত্রীদের দুর্ভোগের কোনো শেষ নেই।

বিজ্ঞাপন

নলছিটি থেকে নদীপথে ষাটপাকিয়া, ঝালকাঠি ও বরিশাল যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ট্রলার ঘাট। স্থানীয় ফেরি থাকলেও তা নির্দিষ্ট সময় ও বিশেষ কারণ ছাড়া চলাচল করে না। তাই প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ যাত্রী এই ট্রলার ঘাট ব্যবহার করে নদী পারাপার করেন। মোটরসাইকেল, ভ্যান ও রিকশাও এই ট্রলারে পার হয়।

পৌরসভা প্রতিবছর এই ঘাট ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করে। চলতি বছরেই ইজারা বাবদ পৌরসভার আয় প্রায় ১৫ লাখ টাকা। অথচ যাত্রীদের জন্য একটি সাধারণ ছাউনি পর্যন্ত তৈরি করা হয়নি।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে যাত্রী ছাউনি নির্মাণের জন্য ৭ লাখ ৬১ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকার কোনো কাজ আলোর মুখ দেখেনি। বরাদ্দকৃত অর্থের মধ্যে থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো নির্মাণকাজ হয়নি।

এ বিষয়ে নলছিটি পৌরসভা প্রশাসনের কাছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রী ছাউনি নির্মাণের বিষয়ে পৌরসভার এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা আয় করেও পৌরসভা যাত্রীদের সামান্য সুবিধা দিতে পারছে না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন আমাদের এই ঘাটে দাঁড়িয়ে থাকতে হয়।

পৌরসভার নির্বিকার মনোভাব ও বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন