জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: আল জাজিরা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এ ধরনের কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে বৈঠকটি তখনই অর্থবহ হবে, যদি এর মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং আলোচনার মূল লক্ষ্য অর্জনের পথ তৈরি হয়।

রুবিও বলেন, ‘আমরা এ বিষয়ে উন্মুক্ত। এই মুহূর্তে আমার মনে হয় না কোনো বৈঠক নির্ধারিত হয়েছে। তবে এ ধরনের বৈঠকের সম্ভাবনা থাকলে আমরা অবশ্যই তা বিবেচনা করতে প্রস্তুত।’

আলোচনার মূল লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর বিষয়টি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কোনোভাবেই নয়।’

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইরানের একটি প্রতিনিধিদল অংশ নেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দলে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের কূটনৈতিক যোগাযোগকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল বলেন, দুই পক্ষের পুনরায় আলোচনায় বসা চলমান সংঘাতের অবসানের পথে সহায়ক হতে পারে।

তবে চলমান সংঘাত ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন-তেহরানের মধ্যে গভীর মতপার্থক্য এখনো রয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলে তা কূটনৈতিক যোগাযোগের একটি নতুন সুযোগ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন