বহুল আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ‘নিজের কাজের দায়’ নিয়েছেন বিল গেটস। গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় বিল গেটস এ দায়ের কথা স্বীকার করেন।
গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের মুখপাত্র এ মন্তব্য করেন।
চলতি মাসের শুরুর দিকে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, তারা এপস্টিনকে কোনো অর্থ দেয়নি বা তাকে কখনো নিয়োগ দেয়নি। গত সপ্তাহে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে বিল গেটস তার অংশগ্রহণ বাতিল করেছিলেন। ২০০০ সালে বিল গেটস এবং তার তৎকালীন স্ত্রীর প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ব স্বাস্থ্যবিষয়ক অর্থায়নকারী প্রতিষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়, সভায় গেটস স্বীকার করেছেন, তার দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না। এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তার দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরও তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। সংবাদমাধ্যমটি গেটসের সেই সভার একটি রেকর্ডিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, গেটস বলেন, আমার ভুলের কারণে অন্য যারা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। গেটস কর্মীদের বলেন, আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি। বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, গেটস ফাউন্ডেশনের কর্মীদের বিল গেটস বলেন, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। গেটস কর্মীদের উদ্দেশে বলেন, আমি পরিষ্কার করে বলছি, আমি কখনো ভুক্তভোগী বা তার (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনো সময় কাটাইনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

