যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির সমর্থিত তিন কংগ্রেস প্রার্থীই জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে তিনটি আসন নিশ্চিত করেছেন তারা।
জয়ী তিন প্রার্থী হলেন ব্র্যাড ল্যান্ডার, দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ। তাদের বিজয়ে নিউইয়র্কের রাজনীতিতে মামদানির প্রভাব সিটি হল ছাড়িয়ে কংগ্রেস পর্যন্ত বিস্তৃত হলো। এ প্রভাবকেই অনেকে ‘মামদানিস্তান’ বলে অভিহিত করছেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতির ক্রমবর্ধমান প্রভাব বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।
ল্যান্ডার নিউইয়র্কের ১০তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ড্যানিয়েল গোল্ডম্যানকে পরাজিত করেন। ১৩তম আসনে আদ্রিয়ানো এসপাইয়াত্তকে হারিয়ে জয় পান আভিলা শেভালিয়ের। আর ৭ম আসনে জয় নিশ্চিত করেন ভালদেজ।
বিশ্লেষকদের মতে, তিন প্রার্থীর বিজয় কেবল ডেমোক্র্যাট-অধ্যুষিত আসনে জয় নয়; বরং দলটির প্রতিষ্ঠিত নেতাদের চ্যালেঞ্জ করে প্রাইমারিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ফল।
মামদানির রাজনৈতিক মিত্রদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সিনেটর বার্নি স্যান্ডার্স ফলাফলকে আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় প্রগতিশীল বিজয় বলে উল্লেখ করেছেন।
মধ্যপ্রাচ্য ইস্যুও নিউইয়র্কের কয়েকটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ল্যান্ডার ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেন। অন্যদিকে, আভিলা শেভালিয়ের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলন সংগঠনে যুক্ত ছিলেন।
নতুন কংগ্রেস আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।
বিজয়ের পর মামদানি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমেরিকায় আবার সকাল হলো।’
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



