১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?
১৯১৬ সালে শত কোটিপতি হন জন ডি. রকফেলার সিনিয়র। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর রেকর্ড গড়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর গত শুক্রবার বিশ্বের প্রথম ‘ট্রিলিনিয়ার’ বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আইপিওর দিন শেষে স্পেসএক্সের বাজারমূল্য ২ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেলে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২০ হাজার কোটি ডলারে।

প্রযুক্তির বাজার ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের কারণে তৈরি হওয়া এই ঐতিহাসিক মাইলফলক বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। এই অর্জন উদ্‌যাপনে আইপিওর সঙ্গে যুক্ত জেপিমরগান চেজ ব্যাংকের নির্বাহীরা নিউইয়র্কের পার্ক অ্যাভিনিউতে ব্যাংকের সদর দপ্তরের ছাদে বিশেষ আলোকসজ্জার আয়োজন করেন।

বিজ্ঞাপন

তবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের আগমন নিয়ে সবাই সমানভাবে উৎসাহিত নন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ধনীদের ওপর কেন কর আরোপ করা উচিত, এটি তার ১ লাখ কোটি নম্বর কারণ।’

ধনী-দরিদ্রের বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করা মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন লিখেছেন, ‘ইলন মাস্কের সমপরিমাণ সম্পদ অর্জন করতে যুক্তরাষ্ট্রের একটি গড় পরিবারকে ১ কোটি ১০ লাখ বছরেরও বেশি সময় ধরে কাজ করতে হবে।

বর্তমানে বিশ্বে অন্তত ৩ হাজার ৩০০ জন বিলিয়নিয়ার বা শত কোটিপতি রয়েছেন, যার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই আছেন ৯০০ জনের বেশি। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যায়, একটা সময় পৃথিবীতে কোনো বিলিয়নিয়ারেরই অস্তিত্ব ছিল না।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার ম্যাকনাইট নিকোলসের মতে, ১৯১৬ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম বিলিয়নিয়ারের দেখা পায় পৃথিবী। ওই দিন তেল ব্যবসায়ী ও আমেরিকার ‘গিল্ডেড এজ’-এর খনি ব্যবসায়ী জন ডি রকফেলার ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন। তার প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড অয়েল’-এর শেয়ারের দাম ২ হাজার ডলার ছাড়িয়ে গেলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন, যা তৎকালীন সময়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রথম পাতার প্রধান খবর ছিল। ১৯১৬ সালের ১ বিলিয়ন ডলার বর্তমান সময়ের ৩০ বিলিয়ন ডলারেরও বেশি।

অধ্যাপক নিকোলস বলেন, ‘তখনকার মানুষের কাছে ১ বিলিয়ন ডলারের হিসাব যেমন ধারণাতীত ছিল, আজকের মানুষের কাছে ১ ট্রিলিয়ন ডলারের হিসাবও ঠিক তেমনি। তখনকার একজন বিলিয়নেয়ার বর্তমানের একজন ট্রিলিয়নিয়ারের মতোই।’

তিনি আরো জানান, ১৯১১ সালে সরকারের নির্দেশে স্ট্যান্ডার্ড অয়েল ভেঙে ছোট ছোট কোম্পানি করার পর রকফেলারের সম্পদ আরো বহুগুণ বেড়ে যায়।

রকফেলারেরও প্রায় ১০০ বছর আগে, ১৮২০-এর দশকে নিউইয়র্ক শহরের ব্যবসায়ী জন জ্যাকব অ্যাস্টর আমেরিকার প্রথম ‘মিলিয়নিয়ার’ বা কোটিপতি হয়েছিলেন। ১৮৪৮ সালে মৃত্যুর সময় তিনি কয়েক কোটি ডলারের মালিক ছিলেন।

ইতিহাসবিদদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আইপিও-র ওপর ভর করে খুব দ্রুতই পৃথিবীতে ইলন মাস্কের পর দ্বিতীয় ট্রিলিয়নিয়ারের দেখা মিলবে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন