গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা ও গ্রেপ্তারের নিন্দা লেবার পার্টির

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা ও গ্রেপ্তারের নিন্দা লেবার পার্টির
বাংলাদেশ লেবার পার্টির লোগো

ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বকেয়া বেতন-বোনাস, অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, বেতন-ভাতা, ওভারটাইম ও নাইট বিল পরিশোধসহ ন্যায্য দাবিতে গার্মেন্টস শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচিতে বাধা, হামলা, টিয়ারশেল নিক্ষেপ এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বিজ্ঞাপন

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দফায় দফায় মূল্যবৃদ্ধিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। বকেয়া বেতন-বোনাস ও অন্যান্য ভাতা চাইতে গিয়ে শ্রমিকদের হামলা, নির্যাতন ও গ্রেফতারের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পুলিশি দমন-পীড়ন কিংবা মালিকপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক অসন্তোষ দমন করা যাবে না। শ্রমিকদের জীবিকা, মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং শিল্প খাতে অস্থিরতা বাড়াবে।

বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস ও সব পাওনা পরিশোধ, অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিকার, নিয়ম বহির্ভূত ভাবে কারখানার লে-অফ ঘোষণা, আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত এবং আটক শ্রমিকদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন